
নিউজ ডেস্কঃ বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে এক শিশুর লাশবাহী এ্যাম্বুলেন্সের সাথে কাভার্ডভ্যান ও বাসের ত্রিমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ এ্যাম্বুলেন্সের ৬ যাত্রী নিহত হয়েছে। মাত্র ৩ দিনের শিশুর লাশ দাফন করতে গ্রামের বাড়িতে আসার পথে মা, বাবা, চাচা, মামা ও দাদী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় নিহতদের গ্রামে শোকের মাতম চলছে। এ ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উজিরপুর উপজেলার আটিপাড়া রাস্তার মুখে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল ব্যাহত হয়। নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। নিহত ৬ জন হলো ঝালকাঠী জেলার বাউকাঠী গ্রামের সেরাজুল রাড়ির পুত্র আরিফ হোসেন রাড়ি (৩৫) ও তারেক হোসেন কাউয়ূম রাড়ি (২৭), মেয়ে শিউলী বেগম (৩০), স্ত্রী কহিনুর বেগম (৬৫) ও মামা নজরুল ইসলাম (২৮)। অপরজন এ্যাম্বুলেন্স চালক কুমিল্লার মো. আলমগীর। তারা ৩ দিন বয়সী শিশু তামান্নার লাশ নিয়ে ঢাকা থেকে এ্যাম্বুলেন্সে ঝালকাঠীর বাড়ি ফিরছিলেন।