
নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের উন্মুক্ত শুনানি করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ শুনানি কার্যক্রম বে-আইনি, আদালত অবমাননা এবং রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব করা হয়েছে বলে অভিযোগ করেছেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। বুধবার (৯ সেপ্টেম্বর) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ কাছে লেখা এক চিঠিতে এ অভিযোগ তোলেন তিনি। চিঠিতে উপাচার্য আব্দুস সোবহান লেখেন, উপাচার্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের জন্য তদন্ত কমিটি গঠনের কোনো ক্ষমতা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দেওয়া হয় নাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্যের বিরুদ্ধে নামে-বেনামে উত্থাপিত অভিযোগ তদন্তে আপনার নির্দেশে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সিনিয়র সহকারী পরিচালক এবং উপাচার্যের সমমর্যাদা সম্পন্ন দুইজন সদস্য সমন্বয়ে বর্ণিত তদন্ত কমিটি গঠন করা হয়েছে যা আইনসিদ্ধ নয়।