News71.com
 Bangladesh
 08 Sep 20, 12:01 PM
 259           
 0
 08 Sep 20, 12:01 PM

দেশের এখনো প্রায় ৬ কোটি লোক নিরক্ষর॥  

দেশের এখনো প্রায় ৬ কোটি লোক নিরক্ষর॥   

নিউজ ডেস্কঃ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উদযাপিত হচ্ছে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’। দিবসটির এবারের প্রতিপাদ্য-‘কোভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’। এ উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া সরকারিভাবে দিবসটি উদযাপনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দিনটি উপলক্ষে অন্যান্য বছর বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে থাকে। তবে করোনা মহামারির কারণে এবার তা বাতিল করা হয়েছে। দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। গত এক বছরে সাক্ষরতার হার বেড়েছে মাত্র দশমিক ৮ শতাংশ। এই হারে সাক্ষরতা বাড়তে থাকলে লক্ষ্যে পৌঁছাতে লাগবে আরও প্রায় ৩২ বছর। সরকারি হিসাব অনুযায়ী, দেশে এখনও নিরক্ষর ৪ কোটি মানুষ।

সাক্ষরতা নিয়ে বর্তমানে সরকারের একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কিন্তু এই কাজের জন্য এনজিও বাছাইয়ে দুর্নীতি, নির্বাচিত এনজিওগুলোর কাজের জবাবদিহিতায় রহস্যজনক উদাসীনতা ও সার্বিকভাবে কাজের ধীরগতির কারণে লক্ষ্য অর্জিত হচ্ছে না। অপরদিকে সাক্ষরতার হার নিরূপণে গত একদশকে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেই। এসডিজির ৪ (৬.১) নম্বর অনুচ্ছেদে সাক্ষরতা সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা উল্লেখ করা হয়েছে। আর বিশেষজ্ঞরা মনে করেন, সংজ্ঞা অনুযায়ী সাক্ষরতা সম্পন্ন একজন ব্যক্তি বাংলাদেশের পঞ্চম শ্রেণি পাস করা শিক্ষার্থীর সমমানের হতে হবে। ইউনেস্কোর বৈশিষ্ট্য পূরণ করে সর্বশেষ ২০১৬ সালে ক্যাম্পে একটি সমীক্ষা করেছে। সেটির তথ্যানুযায়ী দেশে সাক্ষর মানুষ ৫১.৩০ শতাংশ। দেশে বর্তমানে জনসংখ্যা ১৬ কোটি ৮০ লাখ। উল্লিখিত সাক্ষরতার হার মেনে নিলে সরকারি হিসাবেই দেশে বর্তমানে ৪ কোটি ২০ লাখ মানুষ এখনও নিরক্ষর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন