
নিউজ ডেস্কঃ ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা উমর আলী শেখকে হত্যা চেষ্টা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইউএনও'র গাড়ি চালক হাফিজ ও ইয়াসিন নামের দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার পর তাদেরকে আটক করে পুলিশ। বর্তমানে থানা হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে গৃহকর্মী জবেদা ও আসোলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও তাদের মধ্যে জবেদাকে ছেড়ে দেয় পুলিশ এবং আসোলাকে এখনও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।এদিকে রোববার (০৬ সেপ্টেম্বর) রিমান্ডে নেওয়া আসামিদের জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা সংস্থা (ডিবি)। সোমবার সারাদিন জেলা পুলিশ সুপার কার্যালয়ে ডিবি হেফাজতে তিন আসামি ছাড়াও আরো ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ইমাম জাফর এর নেতৃত্বে ৭ দিনের রিমান্ডে নেওয়া প্রধান আসামি আসাদুল ইসলাম, সহযোগী নবিরুল এবং সেন্টুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনজনের কাছে পাওয়া তথ্য মিলিয়ে ঘটনার নেপথ্যসহ সব বিষয়ে পূর্ণাঙ্গ চিত্র বের করার চেষ্টা করছেন তিনি।