
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বজ্রপাতে নাহারুল ইসলাম (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তার স্ত্রী কমলা খাতুন (৪৫)। আজ সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চর দৌলতপুর ইউনিয়নের চক দৌলতপুর এলাকার মাঠে এ ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নিশিকান্ত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে হালকা বৃষ্টির মধ্যে কৃষক নাহারুল ইসলাম গবাদী পশুর জন্য ঘাস কাটছিলেন। তার স্ত্রী কমলা খাতুন আকাশে বিজলী চমকাতে দেখে নাহারুল ইসলামকে বাড়ি ফিরে আসার জন্য ডাকতে যান। হঠাৎ বজ্রপাত হলে স্বামী ও স্ত্রী দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দেখে তাদের দুজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নাহারুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এদিকে কমলা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসক।