
নিউজ ডেস্কঃ উন্নত-সমৃদ্ধ দেশ গড়ে তুলতে তরুণদের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন সিআরআইয়ের ভাইস চেয়ারপারসন, অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন। একই সঙ্গে তরুণদের নিজেদের সেভাবে প্রস্তুত করতে বলেছেন তিনি। বঙ্গবন্ধুর নাতনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা তরুণদের উদ্দেশে বলেন, আমরা চাই তরুণরা যেন আমাদের দেশের জন্য কাজ করে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজ রোববার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেন্টার ফর রিসার্স অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা আয়োজিত তিন দিনের সাত পর্বের সিরিজ ‘লেটস টক’ অনুষ্ঠানের সমাপনী পর্বে এ কথা বলেন সায়মা ওয়াজেদ হোসেন। তরুণ বয়স থেকেই দেশের ও মানুষের কল্যাণে কাজ করতে করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে একটি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হয়েছিলেন সে কথা তুলে ধরেন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।
কম বয়সী হলেই কম জানবে এমন চিন্তাভাবনায় পরিবর্তন আনার আহ্বান জানিয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দূত সায়মা ওয়াজেদ হোসেন বলেন, ‘কমবয়সী হলে কম জানবে.. এটা কিন্তু ঠিক না। কমবয়সী হলেও অনেকে অনেক জানে, পথ দেখিয়ে দিতে পারে। এটা আমাদের দেশের ইতিহাসেই আছে। ’ সায়মা বলেন, ‘উনার (বঙ্গবন্ধু) কিন্তু পলিটিকস দিয়ে জীবনের শুরু হয়নি। উনি কোনো বড় প্রতিষ্ঠান নিয়ে শুরু করেন নাই। ওগুলো পরে এসেছিল। ওনার জীবনে আগে কাজ ছিল, নিজের কমিউনিটিতে একটা গ্যাপ দেখেছিলেন সেটা নিয়ে কাজ করেছেন। আর ওখান (কমিউনিটি) থেকে উনি উঠে এসেছিলেন। বঙ্গবন্ধুর নাতনি বলেন, ওনার (বঙ্গবন্ধু) লিডারশিপ কোয়ালিটি তৈরি হয়েছিল ওখান থেকে, ফ্রম হিজ ইয়ুথ, ফ্রম হিজ কমিউনিটি অ্যাক্টিভিজম। ওনার নিজের কিছু মোরাল ভ্যালুজ ছিল। ওনার কিছু ড্রাইভ ছিল, ওই কম্পাসটা ওনি ফলো করেছেন। এমন না যে উনি বাধা ফেইস করেননি। অনেক বাধা ফেইস করেছেন। কিন্তু তারপরেও সুযোগ উনি করে নিয়েছিলেন এবং ওখান থেকে ওনার লিডারশিপ কোয়ালিটি তৈরি হয়েছিল। ওই কারণে কিন্তু আমরা শেষমেশ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। উনি ওখান থেকে শিখে এসেছিলেন। ’