
নিউজ ডেস্কঃ ভারী বর্ষণ হওয়ায় দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কমেছে। তবে তেমন কোনো পরিবর্তন নেই দক্ষিণাঞ্চলে, যা অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার (৬ সেপ্টেম্বর) দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ডিমলায়, ১০৬ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়ার। আর রাজধানীতে রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাত হয়নি বললেই চলে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার (৭ সেপ্টেম্বর) দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দক্ষিণাঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হাস পেতে পারে । বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলের উপর মোটামুটি সক্রিয়, দক্ষিণাঞ্চলের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল অবস্থায় বিরাজ করছে। এই অবস্থায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আর বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।