
নিউজ ডেস্কঃ সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা করে তারা ক্ষমতায় থাকতে চায়। সরকার যদি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতো তাহলে আজ বীরশ্রেষ্ঠদের কথা মাথায় থাকতো। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার গোপিবাগ বাসভবনে আয়োজিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন।
তিনি প্রশ্ন তুলে বলেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করলে বীরশ্রেষ্ঠদের কথা মাথায় থাকে না কেন? বীরশ্রেষ্ঠদের আত্মত্যাগ স্মরণ করে সবধরনের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান তিনি। মিলাদ মাহফিলে উপস্থিত কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহম্মদ ইবরাহিম বলেন, আওয়ামী লীগ নেতারা পরশ্রীকাতর হয়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। মিলাদ মাহফিলের আয়োজক বিএনপির বৈদেশিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, সরকারিভাবে জাতির এই সূর্য সন্তানদের নিয়ে আজ কোনো আয়োজন নেই। অথচ এই সূর্য সন্তানদের জন্যই আমরা এই দেশ পেয়েছি। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান দিতে যা যা করা দরকার, তাই করা হবে বলেও ঘোষণা দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।