
নিউজ ডেস্কঃ মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে মৌলবি সৈয়দ স্মৃতি সংসদ। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক বলেন, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের ওপর হামলা মানে দেশের ওপর হামলা, পতাকার ওপর হামলা।
এমপি মুস্তাফিজের এমন দুঃসাহস কিভাবে হয়- প্রশ্ন রেখে হামলায় ইন্ধনদাতাদের চিহ্নিত করা এবং এ ঘটনায় জাতির কাছে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। আকরাম হোসেন সবুজের সভাপতিত্বে এবং সাখাওয়াত হোসেন স্বপনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন কোতোয়ালি থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনছুর, বেলায়েত হোসেন। উপস্থিত ছিলেন জিন্নাত সোহানা, রেজাউল করিম রিটন, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি প্রমুখ।