
নিউজ ডেস্কঃ ভিয়েতনামে শত শত মানুষ পাচারের সঙ্গে জড়িত বাংলাদেশি দালাল মাসুদ রানার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) পল্টন থানায় মানবপাচার প্রতিরোধ আইনে এই মামলাটি করেন ভিয়েতনামে পাচার হওয়ার পর দেশে ফিরে আসা শরীয়তপুরের এক ভুক্তোভোগী। তার নাম আলমগীর হাসান। জানা গেছে, এ মামলা তদন্ত করবে সিআইডি। সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার জিসান আহমেদ বাংলা টিবিউনকে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র এবং প্রতারণার শিকার হয়ে ফিরে আসা ভুক্তভোগীরা জানান, ভিয়েতনামে মানবপাচারের মূলহোতা হলো মোস্তফা। সে ভিয়েতনামেই থাকে। তার দেশের বাড়ি চাঁদপুর জেলায়। তার ভাই মাসুদ রানা দালালের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে বিদেশে গমনেচ্ছু মানুষদের ঢাকায় নিয়ে আসে। ভালো বেতনের কথা বলে বেকার যুবকদের টার্গেট করে তাদের ভিয়েতনামে পাচার করা হয়। জনপ্রতি তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে এই চক্রটি।