
নিউজ ডেস্কঃ করোনায় স্থবির জীবনে গতি ধরে রেখেছে ইন্টারনেট। বাসা থেকেই কাজ বা পড়াশোনার ক্ষেত্রে নেটওয়ার্কিংয়ে বিশেষ সহায়ক হয়েছে ফোরজি সেবা। কোভিড পরিস্থিতিতে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটের ব্যবহার কয়েক গুণ বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছেন মোবাইল অপারেটররা।করোনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতো বেসরকারি অনেক অফিসও এখন কর্মীশূন্য। কিন্তু থেমে নেই কাজ। নগর কিংবা গ্রাম, দেশের যে কোন প্রান্ত থেকেই একে অন্যের সঙ্গে যুক্ত সবাই।এসেছে নতুন স্বাভাবিক বা নিউ নরমালের দিন। বাসা থেকেই অফিস করছেন প্রায় ৮০ শতাংশ কর্মী। তথ্য আদান-প্রদান, বিপণন বা প্রচারের যে কোন কাজে ফোরজি নেটওয়ার্ক ব্যবহার করছেন তারা।
বিশেষজ্ঞরা বলছেন অনলাইনে দেশব্যাপী সহজ হয়েছে যোগাযোগ, সম্প্রসারিত হয়েছে ব্যবসা-বাণিজ্য। আর গ্রাহক সেবায় বদ্ধপরিকর মোবাইল অপারেটরগুলো।প্রযুক্তি বিশেষজ্ঞ সাবির হোসেন সুমন বলেন, দেশে যেহেতু ফোরজি বিস্তৃত, যাবতীয় কাজ আমরা ইন্টারনেটভিত্তিক করার চেষ্টা করি।গ্রামীণ ফোন জনসংযোগ কর্মকর্তা খায়রুল বাশার বলেন, কোভিড আসার পর আমরা সব থেকে গুরুত্ব দিয়েছি সার্বক্ষণিক আমাদের নেটওয়ার্ক ঠিক রাখা।চলতি বছরের জুন মাস পর্যন্ত দেশে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে ৯ কোটি। এর মধ্যে ফোরজি ব্যবহারকারি রয়েছেন প্রায় ৩ কোটি ৩৩ লাখ।