
নিউজ ডেস্কঃ পাবনার সাবেক জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা নুরুল কাদের খানসহ তিন মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ করেছে পাবনা পৌরসভা।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে শহরের চাঁদমারি মোড়ে পুরাতন ডিসি রোডের নতুন নামকরণ ডিসি মুক্তিযোদ্ধা নুরুল কাদের খান সড়কের ফলক উন্মোচন করেন তার সহধর্মিণী রোকেয়া কাদের খান, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) সভাপতি অঞ্জন চৌধুরী, পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু। পরে শহরের লাইব্রেরি বাজার থেকে জজকোর্ট সড়কের নাম ভাষা সংগ্রামী মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বাদশা সড়ক এবং পুরাতন বাস টার্মিনাল এলাকায় শ্যামঠাকুর রোডের নতুন নামকরণ মুক্তিযোদ্ধা শিরীন বানু মিতিল সড়কের নামফলক উন্মোচন করেন তাদের পরিবারের সদস্যরা। এসময় আরও উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, পাবনা চেম্বারের সিনিয়র সহসভাপতি ও জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমনসহ স্থানীয় বিশিষ্ট জনরা।