
নিউজ ডেস্কঃ উপজেলা পর্যায়ে স্পর্শকাতর দায়িত্ব পালনের দিকটি বিবেচনায় প্রশাসনিক কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারের তাগিদ দিয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দিন আহমেদ।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার পর সময় টেলিভিশনকে এ কথা বলেন তিনি।এদিকে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলাকে সার্বিক জন নিরাপত্তার ঘাটতি হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা।অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল উদ্দিন বলেন, ইউএনওরা উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন কাজে তাদের ব্যস্ত থাকতে হয়। অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয়। যেগুলো অনেকের পছন্দ নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা সরকারের কাছে সবসময় দাবি জানিয়ে আসছি ইউএনও-দের নিরাপত্তার দায়িত্বে একজন গানম্যান দেয়ার। আর যদি গানম্যান দেয়া না হয় তাহলে নিরাপত্তা প্রহরী রাখার কথা বলা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনেকবার দেনদরবার করেছি। আবারো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি।নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, সরকারি কর্মকতা যার বাসভবন সরকরি কমপ্লেক্সের ভেতরে। সেখানে সচারচর সাধারণ জনগণ যায় না। সেখানে অনেক বেশি নিরাপত্তা থাকার কথা। সেখানে যদি এ ধরনের ঘটনা ঘটে, তাহলে সাধারণ জনগণের নিরাপত্তা তো আমরা দেখতেই পাচ্ছি। সাধারণ মানুষের নিরাপত্তা আছে বলে আমি মনে করি না।