
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার কাস্টম মোড়ে শাপলা ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় শাপলা খাতুন নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। এর আগে বুধবার (সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ওই প্রসূতি মারা যান।মৃতের স্বজনদের অভিযোগ, মঙ্গলবার রাতে কুমারখালী উপজেলার সোন্দাহ গ্রামের জুলের সন্তান সম্ভাবা স্ত্রী শাপলা খাতুনকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। রাতেই তার সিজারিয়ান অপারেশন করা হয়। এক ডাক্তারের কথা বলে অন্য ডাক্তার দিয়ে অপারেশন করে ক্লিনিক কর্তৃপক্ষ।তারা আরও অভিযোগ করেন, ক্লিনিক কর্তৃপক্ষ রক্তের কথা বললে তারা রক্ত এনে দেন। কিন্তু তাদের সরবরাহ করা রক্ত রোগীকে না দিয়ে ভুল রক্ত তার শরীরে পুশ করা হয়। এতে রোগীর অবস্থার অবনতি হয়। পরে সকালে মারা যান তিনি।এ ঘটনার পর প্রসূতির স্বজন ও এলাকাবাসী ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং শাপলা ক্লিনিক সিলগালা করা হয়েছে। ক্লিনিক মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।