
নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রার্থীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে বিমান বাহিনী কর্তৃপক্ষ। যশোর সদর উপজেলার বিমানবন্দর এলাকা থেকে ওই দুই প্রতারককে আটক করা হয়। পরে তাদের যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে বিমান বাহিনী কর্তৃপক্ষ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনীতে বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি।বিমান বাহিনীর সদস্যরা যশোর বিমানবন্দর এলাকা থেকে প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে কয়েকটি ভুয়া নিয়োগপত্র, দুইটি ওয়াকিটকি সেট এবং বিমান বাহিনী’র উর্দ্ধতন কর্মকর্তাদের নামে দুইটি সীলমোহর উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া নিয়োগ বাণিজ্যে জড়িত থাকার কথা স্বীকার করে এবং সাথে থাকা ওয়াকিটকি দেখিয়ে নিজেকে কখনও পুলিশ সদস্য, কখনও ডিবি সদস্য, কখনও বা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, আবার কখনও বা সামরিক বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা হিসেবে মিথ্যা পরিচয় দিয়েছে বলে জানিয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে চক্রের মূল হোতা খুলনা জেলার তেরোখাদা থানার হাড়িখালি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. অহিদুজ্জামান (৪০) এবং তার সহযোগী ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কাজীপাড়া গ্রামের পুলিশ কনস্টেবল মীর মনিরুল ইসলামের ছেলে মীর আশরাফুল ইসলাম (২৭)। প্রতারক চক্রটি যশোর ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার অসহায় বেকার চাকরি প্রার্থীদের নানান অপকৌশলে বিমান বাহিনীর বিভিন্ন পদে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এই চক্রটি আনুমানিক ১৫০ জন প্রার্থীকে চাকুরি দেওয়ার আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।