
নিউজ ডেস্কঃ প্রখ্যাত সাংবাদিক ও কথাশিল্পী রাহাত খান মারা গেছেন । শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় তিনি তাঁর ইস্কাটন গার্ডেনে নিজ বাসায় প্রয়াত হন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস ইত্যাদি রোগে ভুগছিলেন। বারডেম হাসপাতালের হিমঘরে তাঁর মরদেহ রাখা হবে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।প্রয়াতের শেষ ইচ্ছে অনুযায়ী বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে, রাহাত খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।রাহাত খান ১৯৪০ সালের ১৯ ডিসেম্বর কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পূর্ব জাওয়ার গ্রামের খান পরিবারের জন্মগ্রহণ করেন। কথাসাহিত্যিক হিসেবে সমাদৃত হলেও কর্মসূত্রে রাহাত খান আপাদমস্তক সাংবাদিক।