
নিউজ ডেস্কঃ ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় টানা ১৬ দিন পর সমুদ্রবন্দরগুলো থেকে নামানো হলো তিন নম্বর সতর্ক সংকেত। এছাড়া সরিয়ে ফেলা হয়েছে উপকূলীয় জেলায় অধিক উচ্চতার জোয়ারের শঙ্কাও। তবে নদীবন্দনে এখনও এক নম্বর সতর্কতা বলবৎ আছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস জানান, গত ১৬ আগস্ট সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা দেখানো হয়েছিল। ২৭ আগস্ট নামানো। টানা ১৬ দিন ধরে লাল নিশান উড়েছে বন্দরে। মৌসুমে এটাই সবচেয়ে বেশি সময় ধরে সতর্কতা জারি ছিল। তিনি বলেন, আগামী সাতদিনের মধ্যে এমন পরিস্থিতি হওয়ার কোনো আভাস এখন পর্যন্ত নেই। অধিক উচ্চতার জোয়ারের শঙ্কাও নেই। গত ১৬ দিনে ১ থেকে ৩ ফুট অধিক উচ্চতার জোয়ারে উপকূলীয় ১৩ টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে পুকুর, ঘের। বাঁধ ভেঙে লোকালয়ে পানি চলে এসেছে। নোনাপানির বন্যা দেখা দিয়েছে অনেক জায়গায়। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়াে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে সতর্কতা সংকেত নামিয়ে ফেললেও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে শুক্রবার (২৮ আগস্ট) সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।