
নিউজ ডেস্কঃ অনলাইন শপিং সাইট ইভ্যালিডটকমডটবিডির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) মোহাম্মদ রাসেলের ব্যাংক হিসাব ৩০দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে কার্যত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের পাশপাশি লেনদেনের তথ্য চাওয়া হয়েছে তিন কর্ম দিবসের মধ্যে। চিঠিতে ইভ্যালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নামের পাশে জাতীয় পরিচয়পত্র নম্বরও উল্লেখ করা হয়েছে। বিএফআইইউ প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইভ্যালির বিরুদ্ধে বিস্তর অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডির ব্যাংক হিসাব খতিয়ে দেখা হচ্ছে। অস্বাভাবিক ক্যাশ ব্যাক অফার দিয়ে গ্রাহকের কাছ থেকে অর্থ নিয়ে দীর্ঘ সময় পরে পণ্য সরবরাহ করার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।