
নিউজ ডেস্কঃ করোনা সংকটে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। প্রকল্প বাস্তবায়নসহ নানা উন্নয়নমূলক কাজে বাংলাদেশের প্রয়োজন বৈদেশিক অর্থ। ঠিক এমন সময় কোভিড-১৯ ক্ষতি মোকাবিলায় বাংলাদেশকে ১১ দশমিক ১১ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪ হাজার ৪৩৫ কোটি টাকা। তিন অর্থবছরের মধ্যে কয়েকটি কিস্তিতে এই অর্থ ছাড় করা হবে। চলতি অর্থবছর থেকে আগামী ২০২২-২৩ অর্থবছর মেয়াদে এ ঋণ দেওয়া হবে।গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) এডিবির ঢাকা অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশের ক্ষেত্রে এডিবি এই কান্ট্রি অপারেশন বিজনেস প্ল্যান (সিওবিপি) নিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট অর্থের মধ্যে ৫ দশমিক ৯৪ বিলিয়ন বা ৫৯৪ কোটি ডলার ব্যয় হবে ইতোমধ্যে গৃহীত প্রাথমিক তালিকার প্রকল্পগুলোতে। ৫ দশমিক ১৭ বিলিয়ন বা ৫১৭ কোটি ডলার ব্যয় হবে অপেক্ষমাণ তালিকার প্রকল্প বাস্তবায়নে। বাকি তিন কোটি ৫৬ লাখ ডলার ব্যয় হবে কারিগরি সহায়তা বাবদ। পাইপলাইনে থাকা প্রকল্প বাংলাদেশের প্রয়োজন এবং ব্যবহারের সক্ষমতার ওপর ভিত্তি করে ঋণ ছাড় করা হবে। তবে সরকারের চাহিদার ভিত্তিতেই প্রাথমিক এবং অপেক্ষমাণ প্রকল্প বাছাই করা হবে। এ ছাড়া সংশ্নিষ্ট খাতের বাস্তবায়ন সক্ষমতা, প্রস্তুতি এবং অন্যান্য মানদণ্ডও বিবেচনায় নেওয়া হবে।