
নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অনন্য কীর্তিগুলো আছে বলেই আজও আমরা গণতন্ত্রের জন্য লড়াই, সংগ্রাম করছি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রিজভী বলেন, যখন আমরা মিছিল করব কবি নজরুল ইসলামের জীবন আমাদের প্রভাবিত করে। যখন সত্য উচ্চারণ করব তখন তার জীবন আমাদের প্রভাবিত করে। গণতন্ত্রের কথা বললে যখন আমাদের গ্রেফতার করা হয় তখন কাজী নজরুল ইসলাম আমাদের উদ্বুদ্ধ করে স্বেচ্ছায় নির্যাতন ভোগ করাতে। নজরুল ইসলাম আমাদের জাতীয় জীবনের প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত। তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের উদ্বুদ্ধ করে।