
নিউজ ডেস্কঃ বুধবার (২৬ আগস্ট) ভ্যাট গোয়েন্দার একটি দল গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে রাজধানীর অভিজাত রেস্টুরেন্ট দ্য গ্রিন লাউঞ্জে অভিযান চালিয়ে ব্যাপক ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে। প্রতিষ্ঠানটি রুপায়ন টাওয়ার, ১৪৮ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর রুফটপে অবস্থিত, যার মূসক নং-০০১০০১৬৮৪০২০৮। রেস্টুরেন্টটিতে নিয়মিত খাবার পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানাদির জন্য বুকিং দেয়া হত। এটি রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্ট হিসেবে পরিচিত। ভ্যাট গোয়েন্দার দল দেখতে পান রেস্টুরেন্ট কর্তৃপক্ষ মে ২০১৮ থেকে মার্চ ২০২০ পর্যন্ত তেইশ মাসে মোট বিক্রয়ের পরিমাণ দেখান ১,৯৫,৯৬,২৯৪ টাকা। এই বিক্রয়ের উপর তারা তেইশ মাসে ভ্যাট জমা দিয়েছেন মাত্র ২৫,৫৬,০৩৮ টাকা। তাদের রিটার্ন অনুযায়ী ঘোষিত মাসিক বিক্রির পরিমাণ মাত্র ৮,৫২,৯১৩ টাকা এবং ভ্যাট ১,১১,১৩২ টাকা। ভ্যাট গোয়েন্দাদের প্রাথমিক অনুসন্ধানে স্থানীয় ভ্যাট অফিসে তাদের দাখিলকৃত মাসিক রিটার্নে এই বিক্রয় তথ্য সন্দেহজনক হওয়ায় এবং একটি অভিযোগের সূত্রে অভিযানটি পরিচালিত হয়।