
নিউজ ডেস্কঃ যশোরের শার্শায় পাটের বস্তার ভেতরে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের অপরাধে রুপালী অ্যাগ্রো অ্যান্ড রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি জানান, তাদের কাছে গোপন খবর আসে শার্শার নাভরনে একটি মিলে দীর্ঘদিন ধরে পাটের ব্যাগের মধ্যে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। পরে অভিযান চালানো হয়।
এরপর তার সত্যতাও পাওয়া যায়। এ সময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অমান্য করে কৌশলে ব্যাগের মধ্যে পলিথিন ব্যবহার করায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন পাট পরিদর্শক এবং পুলিশ সদস্যরা। পরিবেশ বাঁচাতে হলে প্লাস্টিকের বদলে পাটজাত পণ্য ব্যবহারের বিকল্প নেই।