
নিউজ ডেস্কঃ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় আমেরিকার ফ্লোরিডায় মারা গেছেন। এর আগে, তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে আমেরিকার ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।ফ্লোরিডা থেকে সি আর দত্তের কন্যা কবিতা দাশগুপ্তা রাতে ফোনে গণমাধ্যমকে জানান, গত ২০ আগস্ট বৃহস্পতিবার তার বাসভবনের বাথরুমে হঠাৎ করে তিনি পড়ে যান। এতে তাঁর পা ভেঙে যায়। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার। তিনি ৪নং সেক্টরের সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের সাথে যুক্ত।চিত্তরঞ্জন দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে।