
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে নির্বাচন কমিশনে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দলটির ২০১৯ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইসির সিনিয়র সচিব আলমগীর হোসেন এ সময় বিএনপির আয়-ব্যয়ের হিসাব রিজভীর কাছ থেকে গ্রহণ করেন। এর আগে, গত বছরের ৩০ জুলাই ইসিতে দেওয়া আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী, ২০১৮ সালে বিএনপির আয় বৃদ্ধি দেখানো হয়েছিল। সেই সঙ্গে ২০১৭ সালের চেয়ে ব্যয়ও কম হয়েছিল বলে হিসাবে উল্লেখ করা হয়েছিল।গতবছর দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেছিলেন, ‘২০১৮ সালে দলের আয় হয়েছে নয় কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ৩৮০ টাকা। আর ব্যয় হয়েছে তিন কোটি ৭৩ লাখ ২৯ হাজার ১৪৩ টাকা। দলীয় তহবিলে জমা আছে ছয় কোটি ১৩ লাখ ২৭ হাজার ২৩৭ টাকা।’গেল বছর ইসিতে জমা দেওয়া আয়-ব্যয়ের হিসাবে বিএনপির মূল আয় দেখানো হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি, দলীয় সদস্যদের মাসিক চাঁদা ও এককালীন অনুদান।