
নিউজ ডেস্কঃ টেকনাফ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। আজ রবিবার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন দুদকের পরিচালক(জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজউদদ্দিন সংশ্লিষ্টদের বিরুদ্ধে আসা অভিযোগের অনুসন্ধানকারী কর্মকর্তা ছিলেন। তার অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে কমিশন টেকনাফ থানার সাবেক অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ (ওসি) ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে মামলা দায়েরের এই সিদ্ধান্ত নিয়েছে।
অভিযোগে বলা হয়েছে, তারা ৩ কোটি ৯৫ লক্ষ ০৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। যার কোনও উৎস দেখাতে পারেনি। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারা, ২৭ (১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ ( ২) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ দ-বিধির ১০৯ ধারায় চট্টগ্রামে মামলাটি দায়ের করা হবে।