
নিউজ ডেস্কঃ ট্রেনের ধাক্কায় রিপন আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বড়াল ব্রিজের পূর্বপাশে তার মরদেহ পাওয়া যায়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ট্রেনের ধাক্কায় তিনি নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে যায় এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।নিহত রিপন আলী রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি হাবিবপুর গ্রামের মো. লাল চাঁনের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। তবে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে রাজশাহী এডিএম বরাবর আবেদনের প্রক্রিয়া চলছে।ঈশ্বরদী জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন কুমার বলেন, বিকেলে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর স্থানীয়রা মরদেহ দেখতে পান।কিন্তু ওই সময় কেউই প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করতে পারেননি। পরে খবর পেয়ে ঈশ্বরদী জিআরপি পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। বর্তমানে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ঈশ্বরদী থানার এ পুলিশ কর্মকর্তা।