
নিউজ ডেস্কঃ পুলিশ হেডকোয়ার্টার্সে আজ বুধবার দুপুরে এক সফল অগ্নিনির্বাপণ, উদ্ধার ও বহির্গমন মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এ মহড়ায় সহযোগিতা করেছে। মহড়া শেষে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষার নার্ভ সেন্টার। এখানে পুলিশ, সিভিল কর্মকর্তা-কর্মচারী মিলে প্রায় ২ হাজার ২০০ সদস্য দায়িত্ব পালন করে থাকেন। এছাড়া রয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল। অগ্নিকাণ্ডসহ অন্যান্য দুর্ঘটনা থেকে কর্মকর্তা-কর্মচারী ও রাষ্ট্রীয় ডকুমেন্ট রক্ষা করা অত্যন্ত জরুরি। অগ্নিকাণ্ড সম্পর্কে সকলকে সচেতন করার জন্য এ অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়েছে ।
আইজিপি আরও বলেন, অগ্নিকাণ্ডসহ যে কোনো দুর্ঘটনা ও উদ্ধার অভিযানে পুলিশ এবং ফায়ার সার্ভিস যৌথভাবে দায়িত্ব পালন করে থাকে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের মধ্যে রয়েছে সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক পেশাগত সম্পর্ক। তিনি এ ধরনের একটি সফল মহড়া আয়োজনের জন্য ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান ।