
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের মহামারি পরিস্থিতির কারণে চলতি বছর চারটি বোর্ড পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়েছে। এগুলো হলে, সমাপনী, ইবতেদায়ি, জেএসসি ও জেডিসি পরীক্ষা। এ সংক্রান্ত পৃথক দুটি সারসংক্ষেপ তৈরি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। জানা গেছে, গত সপ্তাহে এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউসের উপস্থিতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন গণমাধ্যমকে বলেন, চলতি বছর পঞ্চম শ্রেণির পাবলিক পরীক্ষা না নিতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তবনা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সম্মতি দিলে এবার সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা আয়োজন করা হবে না। যতটুকু পড়ানো হয়েছে তার ওপর ক্লাস মূল্যায়ন করে সনদ প্রদান করা হবে।এতে বলা হয়েছে, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি পাঠ (নেপ) ও বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটির (বেডু) পরিকল্পনা অনুযায়ী পঞ্চম শ্রেণির সমাপনী-ইবতেদায়ি ও জেএসসি-জেডিসি পরীক্ষা নিতে হলে আরও প্রায় ৫০ কার্যদিবস পাঠদান প্রয়োজন রয়েছে। সেপ্টেম্বর মাসে বিদ্যালয়গুলো খোলা না হলে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে এ দুই স্তরের অবশিষ্ট পাঠদান সম্পন্ন করা সম্ভব হবে না। এ কারণে ২০২০ সালের এ দুই স্তরের পাবলিক পরীক্ষা বাতিল করে ক্লাস মূল্যায়নের মাধ্যমে পাস করিয়ে সার্টিফিকেট দেয়ার প্রস্তাব জানানো হয়েছে।