
নিউজ ডেস্কঃ দু’দিনের ঝটিকা সফর শেষে ঢাকা ছেড়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। আজ বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে বিশেষ প্লেনে তিনি ঢাকা ছাড়েন। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা পৌনে ১২টায় ঢাকা পৌঁছান। ঢাকায় এসে তিনি অবস্থান করেছিলেন হোটেল সোনারগাঁওয়ে। গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন শ্রিংলা। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আজ বুধবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন ।
আজ বুধবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক করেন তিনি। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্রুপ বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, সাফওয়ান সোবহান ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম উপস্থিত ছিলেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে গতকাল ১৮ আগস্ট ঢাকায় আসেন শ্রিংলা। ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে চলতি বছর ২ মার্চ দু’দিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি ।