
নিউজ ডেস্কঃ রাজধানীর কামরাঙ্গীরচরে স্থানীয় কমিশনার মো. হোসেন ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কামরাঙ্গীরচর ৫৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক জামাল দেওয়ান (৫৫), এমারত হোসেন (৬৫), মো. লিটন ব্যাপারি (৫০), নিলয় দেওয়ান (১৭), আকাশ দেওয়ান (২৫), মশিউর রহমান (৫০), আওয়ামী লীগের ইউনিট সভাপতি শহীদুল ইসলাম (৪০) ও আব্দুস সালাম (৫০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।আহত জামাল দেওয়ান বলেন, কামরাঙ্গীরচরে পশ্চিম রসুলপুর ট্যানারি পুকুরপাড় তাদের নিজেদের বাড়ি। কামরাঙ্গীরচর ৫৬ নম্বর ওয়ার্ড কমিশনার ও তার লোকজনের অত্যাচারে তারা অতিষ্ঠ। এ বিষয় নিয়ে তাদের মূল সংগঠনে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। দুপুরে বাড়ির সামনে একটি বেসরকারি টেলিভিশনে কমিশনার হোসেনের বিরুদ্ধে সাক্ষাতকার দিচ্ছিলাম। এমন সময় তার লোকজন অতর্কিত তাদের উপর হামলা চালায়। এতে তারা আহত হন। এদিকে কমিশনার গ্রুপের আহত শহিদুল ইসলাম বলেন, জামাল দেওয়ান ও তার লোকজন এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছে। অন্যের একটি জমি তারা জোর করে বিক্রির পাঁয়তারা করছেন। প্রতিবাদ করতে গেলে তাদের উপর হামলা চালায়।