
নিউজ ডেস্কঃ যথাযথ মর্যাদায় বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।১৫ আগস্ট বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলামের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এরপর জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।দিবসটি পালনের জন্য দূতাবাস কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় শোক দিবস উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় কমিউনিটির নেতাদের অংশগ্রহণে একটি অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়। রাষ্ট্রদূত তার বক্তব্যে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও বলিষ্ঠ নেতৃত্বের বিভিন্ন উল্লেখযোগ্য দিক তুলে ধরেন এবং স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে তার আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।