
নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অবিসংবাদিত নেতা এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন তার ছায়াসঙ্গী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও বেগম মুজিব ও তাদের দুই পুত্র, দুই পুত্রবধূ এবং শিশু শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করা হয়। রোববার(১৬ আগস্ট) রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘দোয়া ও আলোচনা সভায় অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।তিনি বলেন, বঙ্গবন্ধুর সাহস, দেশপ্রেম আমরা ধারণ ও বাস্তবায়ন করতে পারলেই তার প্রতি পরিপূর্ণ সম্মান জানাতে পারবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে গভীরভাবে ভালোবাসতেন বলেই এ জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার সাহস, আপসহীনতা, দেশপ্রেম ও মানুষের জন্য ভালোবাসা এ গুণগুলোকে আমরা ধারণ ও বাস্তবায়ন করতে পারলেই বঙ্গবন্ধুর প্রতি পরিপূর্ণ সম্মান জানাতে পারবো।এ সময় বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগকে সংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান স্পিকার।