
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাস (কোভিড -১৯) মহামারিতে গোটাবিশ্ব যেখানে হিমশিম খেয়েছে, সেখানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে স্বাস্থ্যখাতের একেকটি সিদ্ধান্ত আমাদের দিয়েছেন। তার সঠিক সিন্ধান্ত বাস্তবায়ন করে আজ আমাদের দেশ থেকে করোনা বিদায় নেবার পথে। আক্রান্ত বিবেচনায় করোনায় মৃত্যুহার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে অনেক কম। বলা চলে, ভ্যাকসিন ছাড়াই দেশ এখন স্বাভাবিক অবস্থায় ফেরার পথে। গতকাল শনিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর বিসিপিএস অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এই স্বাভাবিক অবস্থার কারণেই দেশের অর্থনীতির চাকা আবার সচল হয়েছে। দেশ আবার এগিয়ে যাচ্ছে। সবকিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত গ্রহণের ফলেই। বঙ্গবন্ধুর আদর্শে গড়া সন্তান বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সর্বক্ষেত্রেই সফল হয়েছেন। তিনি বলেন, আমরা স্বাস্থ্যখাতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতিটি কথা মেনে কাজ করেছি। আমাদের নির্দেশনা অনুযায়ী দেশের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টরা নিরলস কাজ করে গেছেন। তাই দেশ থেকে করোনা বিদায় নেবার পথে। আক্রান্ত বিবেচনায় করোনায় মৃত্যুহার আমাদের দেশে অনেক কম।