
নিউজ ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রকল্পের নামে সরকারি কর্মকর্তারা অহেতুক অর্থের অপচয় করতে পারবেন না। স্বচ্ছতার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। আমরা সঠিকভাবে কাজ করে সোনার বাংলা গড়ব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বপ্নের বাংলাদেশ গড়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করব। আজ শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস ভবনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন ।
পরিকল্পনামন্ত্রী বলেন, জনগণের অর্থ ব্যবহারে আরো সতর্ক হতে হবে। এ বিষয়ে জনগণের নজর রয়েছে। জনগণের সম্পদ আমরা কিভাবে ব্যবহার করছি তা তারা গভীর নজরে রেখেছে। তাই টাকা ব্যবহারে আরো সতর্ক হতে হবে। মান্নান বলেন, করোনা হোক বা না হোক, জনগণের অর্থ-সম্পদ আমাদের কাছে আমানত হিসেবে আছে। এর ব্যবহারে আপনাদের কী বলবো, বলে শেষ করা যাবে না যে, আমাদের সচেতন হতে হবে। আমরা ব্যয় করবো, যত ব্যয় তত লাভ। এটা সত্যি। অর্থনীতির শিক্ষাই তাই। কিন্তু ব্যয় হতে হবে প্রকৃত ব্যয়, প্রয়োজনীয় ব্যয়। এদিকে আমি আপনাদের নজর আকর্ষণ করবো ।