
নিউজ ডেস্কঃ সুস্পষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় জেলাগুলোর ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে ১২টি উপকূলীয় জেলার নিম্নাঞ্চল ১ থেকে ২ ফুট অধিক উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে।সম্প্রতি আম্পানের প্রভাবে প্লাবিত ওইসব এলাকার মানুষ এখনো ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। এরইমধ্যে আবারও একই শঙ্কা দেখা দিয়েছে।আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়াে হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মােংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।এই অবস্থায় উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নােয়াখালী, লক্ষ্মীপুর, বরগুনা, পটুয়াখালী, ভােলা, বরিশাল, পিরােজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দুই ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে। সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।