
নিউজ ডেস্কঃ উজান থেকে নেমে আসা ঢলের চাপে রংপুরের গঙ্গাচড়ায় নতুন আরেকটি চ্যানেলে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। বিলীন হয়েছে বেড়িবাঁধ, সহস্রাধিক মানুষের ঘরবাড়ি-জমি। হুমকিতে পড়েছে রংপুর ও লালমনিরহাট সড়ক। তিন বছর আগে নতুন এ চ্যানেলটি অস্তিত্বের জানান দিলেও অস্থায়ী প্রতিরোধের চেষ্টাতেই সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ডের দৌড়ঝাঁপ।রংপুর নগরী থেকে ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে শঙ্করদহ থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সরে গেছে তিস্তা নদীর মূল প্রবাহ। সেখান থেকে ৫ কিলোমিটার ঘুরে জয়রামওঝা নামক স্থানে আবার মূল প্রবাহে মিলিত হয়েছে।এতে বাম তীরের বেড়িবাঁধ, সহস্রাধিক পরিবারের ঘরবাড়ি, হাজার হাজার হেক্টর আবাদি জমি, মসজিদ-মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান গিলে এখন দাঁত বসিয়েছে রংপুর-লালমনিরহাট সড়কে।তীব্র ভাঙনের মুখে পড়েছে এ সড়কের এসকেএস বাজার সংলগ্ন একটি ব্রিজ। ব্রিজটি বিধ্বস্ত হলে বিচ্ছিন্ন হয়ে যাবে রংপুর ও লালমনিরহাট জেলার মধ্যে যোগাযোগের প্রধান সড়ক।