
নিউজ ডেস্কঃ খুলনায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় কলেজ ছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা আক্রান্ত ও তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ও খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে তাদের মৃত্যু হয়। খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টায় করোনা উপসর্গ নিয়ে মুজাহিদ শেখ (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। মুজাহিদ মহানগরীর লবনচরা থানাধীন পুটিমারী এলাকার আমিরুল ইসলামের ছেলে। তাকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা মেডিক্যাল কলেজের করোনা সাসপেক্টেড আইসোলেশন সেন্টারে ভর্তি হয় ।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয় সালেহা বেগম (৩৮) নামে এক গৃহবধূর। তিনি ফরিদপুর জেলার নগর কান্দা থানার বাসিন্দা আব্দুল কুদ্দুসের স্ত্রী। করোনা উপসর্গ নিয়ে গত ১০ আগস্ট সোমবার তাকে খুমেকে ভর্তি করা হয়। এর আগে সোমবার (১০ আগস্ট) রাত ১২টায় পাইকগাছা উপজেলার রহিমপুরের বাসিন্দা আব্দুর রউফের মেয়ে শাবানার (৩৫) মৃত্যু হয় করোনা উপসর্গ নিয়ে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় করোনা সাসপেক্টেড আইসোলেশন সেন্টারে ভর্তি হন তিনি। এছাড়া করোনা আক্রান্ত হয়ে নুরনগর ডায়াবেটিক হাসপাতালে মৃত্যু হয় আব্দুল হাশেম (৪০) নামে এক ব্যক্তির। মহানগরীর ১৭৪, শের-ই-বাংলা রোডের বাসিন্দা আব্দুল কাশেমের ছেলে আব্দুল হাশেম করোনা আক্রান্ত হয়ে ৯ আগস্ট থেকে করোনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। খুলনায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৭৫ জনের মৃত্যু হয়েছে ।