
নিউজ ডেস্কঃ জীবন মৃত্যুর সন্ধিক্ষনে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সম্প্রতি প্রণব মুখার্জির মস্তিষ্কে আঘাতের কারনে রক্ত জমাট বেঁধেছিল। গতকাল সোমবার দিল্লির আর্মি’স রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়। তবে অস্ত্রোপচার সফল হলেও তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এজন্য তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়া তিনি করোনা ভাইরাসেও (কোভিড-১৯) আক্রান্ত। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রণব মুখার্জির অফিসে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রণব মুখার্জি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন তিনি ১৯৭৩-১৯৭৪ সালে ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী থাকাকালে তার সঙ্গে আমার সাক্ষাতের সুযোগ হয়েছিল। আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমার প্রথম সফর ছিল ভারতে। তখন আমি সস্ত্রীক তার সরকারি বাসভবনে গিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সফরে আসার অনুরোধ করেছিলাম। আমি প্রত্যাশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ সফরে আসবেন। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নিজেই সংক্রমিত হওয়ার বিষয়টি এক টুইট বার্তায় নিজেই জানিয়েছেন । টুইট বার্তায় তিনি বলেন, অন্য আরেকটি কারণে আমি হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু সেখানে পরীক্ষা করে আজ দেখা যায়, আমি কোভিড পজেটিভ। আমি অনুরোধ করব, শেষ এক সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, তারা যেন নিজেদের পরীক্ষা করান এবং নিজ থেকেই আইসোলেশনে থাকেন ।