
নিউজ ডেস্কঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগের নামে অন্তত ২০ লক্ষ টাকা আদায় করেছে উপজেলা তাইন্দং ইউনিয়নের ৭নং ওয়ার্ডেও ইউপি সদস্য শাহীন সরকার। তিনি মাটিরাঙা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। সোমবার (১০ আগস্ট) সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, তাইন্দং ইউনিয়নের মাঝপাড়া ও কুতুব উদ্দিন সর্দার পাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে প্রায় প্রতিটি পরিবার থেকে ৬ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত আদায় করে। অন্তত ৩২০ পরিবার থেকে তিনি অনৈতিকভাবে এসব অর্থ আদায় করেন। মাঝপাড়া গ্রামের সর্দার মো.আনোয়ার হোসেন অভিযোগ করেন, সরকারি নিয়ম অনুসারে এলাকায় বিদ্যুৎ আসলেও যেভাবে খুটি বসানোর কথা ছিল শাহিন সরকার (মেম্বার) সেভাবে খুটি বসাতে দেয়নি। অনেকের কাছ থেকে টাকা নেওয়ার পর অন্যত্র খুটি লাগানো হয়েছে। এলাকাবাসী এসবের প্রতিবাদ করলে বিভিন্নভাবে হুমকি দেয় শাহীন সরকার।