
নিউজ ডেস্কঃ এক সাক্ষাৎকারে পর্বতারোহী ওয়াসফিয়া নাজনীন বলেছিলেন, ‘এভারেস্ট জয় করার থেকে ঢাকা শহরের যেকোনো রাস্তা পার হওয়া বেশি সাহসের কাজ কারণ তা বেশি বিপজ্জনক।’ রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় প্রাইভেটকার চাপায় প্রাণ দিয়ে তা প্রমাণ করলেন পর্বতারোহী রেশমা নাহার রত্না। তিনি পেশাগত জীবনে স্কুল শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি পর্বতারোহণসহ বিভিন্ন এডভেঞ্চার কার্যক্রমে যুক্ত ছিলেন ।
বাংলাদেশের কেওক্রাডং থেকে শুরু করে আফ্রিকার কিলিমানজারো এবং দ্বিতীয় সর্বোচ্চ পর্বত মাউন্ট কেনিয়াসহ দুটি ৬ হাজার মিটারের পর্বতারোহণে সফল হয়েছেন তিনি। তবে পারলেন না হাতিরঝিল থেকে সাইকেলে মিরপুর পৌঁছাতে। অন্য সব ছুটির দিনের মতোই আজ শুক্রবার সকালে হাতিরঝিলে বন্ধুদের সঙ্গে দৌড়ানোর পর মিরপুরের বাসায় সাইকেল চালিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি ।