News71.com
 Bangladesh
 07 Aug 20, 10:44 AM
 232           
 0
 07 Aug 20, 10:44 AM

মালয়েশিয়া প্রবাসীদের ‘স্বল্পসময়ে’ স্মার্টকার্ড দিতে চায় ইসি॥

মালয়েশিয়া প্রবাসীদের ‘স্বল্পসময়ে’ স্মার্টকার্ড দিতে চায় ইসি॥

 

 

নিউজ ডেস্কঃ করোনা মহামারির কারণে থমকে আছে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার করে নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড সরবরাহের কাজ। তবে পরিস্থিতি উন্নতি হওয়া সাপেক্ষে একেক দেশে একেক সময় কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। আর এক্ষেত্রে মালয়েশিয়াকে এগিয়ে রাখা হয়েছে। ইসি সূত্র জানায়, মালয়েশিয়ার পরিস্থিতি অন্য দেশের তুলনায় ভালো বিধায় সেখানেই সবার আগে স্থগিত কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি এ নিয়ে একটি বৈঠকও অনুষ্ঠিত হয় ।

 

ইসি সচিব মো. আলমগীরের সভাপতিত্বে জুমে অনুষ্ঠিত ওই বৈঠকে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হকসহ সংশ্লিষ্টরা অংশ নেন। ইসি সচিব মো. আলমগীরের স্বাক্ষর করা সভার কার্যপত্র থেকে জানা যায়, বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যে ভোটার হয়ে এনআইডি পাওয়ার লক্ষ্যে ৭৬৮ জন আবেদন করেছেন। তাই তাদের আবেদন যাচাই-বাছাই করে পরীক্ষামূলকভাবে দ্রুত স্মার্টকার্ড সরবরাহের সিদ্ধান্ত হয়েছে। আর এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বারাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ বিভাগ, পাসপোর্ট অধিদফতরসহ সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয়/বিভাগের সঙ্গে দ্রুত সভা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।

 

এ নিয়ে এনআইডি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম জানান, বৈশ্বিক করোনা মহামারির কারণে পরিকল্পিত কর্মসূচি মোতাবেক প্রবাসীদের ভোটার করার জন্য বিদেশে টিম পাঠানো যায়নি। বর্তমানে কোনো কোনো দেশে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পরিকল্পনা মোতাবেক শিগগিরই বিদেশে টিম পাঠানো সম্ভব হবে। তবে স্বল্পতম সময়ে মালয়েশিয়াতে টিম পাঠানো যাবে। বর্তমানে যুক্তরাজ্য, দুবাই, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের জন্য অনলাইনে পোর্টাল তৈরি করে ভোটার হওয়ার আবেদন নিচ্ছে ইসি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন