
নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে লিবিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি টিম। গ্রেফতারকৃতরা হলেন মানবপাচারকারী চক্রের মূলহোতা মো. মনির হাওলাদার ওরফে মনির হোসেন (২৬) ও এবং তার সহযোগী মো. সেলিম ওরফে সেলিম শিকদার (৩৫)। গতকাল বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে যাত্রাবাড়ী ধানাধীন কাজলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।
তিনি বলেন, গত ০৬ জুন রাজধানীর মতিঝিল থানায় মানবপাচার প্রতিরোধ ও সন্ত্রাস বিরোধী আইনে ২৭ জনের নামে একটি মামলা দায়ের হয়। ওই মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসমি ছিলেন মো. সেলিম শিকদার এবং ২ নম্বরে মো. মনির হাওলাদারের নাম রয়েছে। গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত দুইজনের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করে। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, চক্রের মুলহোতা সেলিম ও তার সহযোগী মনির শরিয়তপুর, মাদারীপুর, ফেনী, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় থাকা সহজ-সরল মানুষদের টার্গেট করতো। এরপর বেশি বেতনের চাকরির লোভ দেখিয়ে লিবিয়ায় যেতে উৎসাহ যোগাতো। পাসপোর্ট ও ছবিসহ আগ্রহীদের ঢাকা থাকা চক্রের অন্য সদস্য শরীফ ও কবিরের কাছে পাঠিয়ে দিত ।
লিবিয়ায় পাচারের পর চক্রের মুলহোতা মনির লিবিয়ার জোয়ারা-তে একটি গেইমিং ক্যাম্প পরিচালনা করতো। সেখান থেকে আবার অর্ধশতাধিক লোককে লিবিয়া কোষ্টগার্ড/মিলিশিয়া/সেনাবাহিনী/পুলিশের সহযোগিতায় অবৈধভাবে ভূমধ্যসাগরে প্লাস্টিক বা কাঠের বোটে করে পাড়ি দিয়ে ইতালিতে পাচার করতো বলেও তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, মনিরের তত্ত্বাবধানে লিবিয়ায় একাধিক ক্যাম্পে তার সহযোগিদের হেফাজতে আরো বেশকিছু বাংলাদেশি বন্দি অবস্থায় আছে। তিনি বলেন, ইতোমধ্যে অন্য মামলায় গ্রেফতারকৃত বাদশাহ এর মাধ্যমে যোগাযোগ করে কমপক্ষে ১৭ জন বাংলাদেশিকে মুক্ত করা হয়েছে। ১৭ ভুক্তভোগী তাদের পাসপোর্ট ও পকেট মানি ফিরে পেয়েছে। ভুক্তভোগীদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে পুলিশ সদর দফতর সরাসরি তদারকি করছে। সম্প্রতি লিবিয়ার মিজদাহ শহরে মানবপাচারকারী চক্রের সদস্যরা ২৬ জন বাংলাদেশিসহ মোট ৩০ জনকে নির্বিচারে গুলি করে হত্যা করে। এই ঘটনায় আহত হয় ১১ বাংলাদেশি।