
নিউজ ডেস্কঃ কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ আসার পর গতকাল বুধবার (৫ আগস্ট) রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন ঘনিষ্ঠ সহচর। সাবেক গণপরিষদ সদস্য আজিজুর রহমান স্বাধীনতা পুরস্কারও পেয়েছেন। জেলা পরিষদ কার্যালয় সূত্র জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দ্রুত ব্যবস্থাপনায়, সশস্ত্র বাহিনী বিভাগের সহযোগিতায় এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢাকায় নেওয়া হয়েছে ।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে মোলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান বলেছেন দ্রুততম সময়ে আমরা তাকে ঢাকা পাঠাতে পেরেছি। প্রধানমন্ত্রী যখন মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের শারীরিক অবস্থা জানতে পেরেছেন, তখনই প্রধানমন্ত্রীর কার্যালয়ের দ্রুত ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। মৌলভীবাজারের রাডারস্টেশনে হেলিকপ্টারটি এসে নেমেছিল এবং সেখান থেকেই বুধবার রাত ১১টায় আজিজুর রহমানকে নিয়ে রওনা দিয়ে ১১টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছায়। আজিজুর রহমানের সঙ্গে তার ভাজিতা পিয়াস গেছেন।