
নিউজ ডেস্কঃ প্রায় ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট এ দুই নৌরুটে লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। এর আগে বৈরী আবহাওয়া ও মাঝ পদ্মায় প্রচণ্ড বাতাসের কারণে ঢেউয়ের সৃষ্টি হলে নৌপথে দুর্ঘটনা এড়াতে বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্না-লাল নন্দি বলেন, পদ্মা ও যমুনা নদীতে বাতাসের তীব্রতা কমে আসায় পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ দুই নৌরুটে ৩২টি লঞ্চ চলাচল করছে বলেও জানান তিনি।