
নিউজ ডেস্কঃ লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে মো. রাসেল (২২) নিহত হয়েছে।বিস্ফোরণের ঘটনায় তার বড় ভাই সাদেক মিয়া গুরুতর আহত হয়ে বৈরুতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে জেলায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।বুধবার (০৫ আগস্ট) রাতে কাইমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াকুব মিয়া জানান, প্রায় ৪ বছর আগে রাসেল লেবানন যান। সেখানে তিনি একটি তেলের পাম্পে চাকরি করতেন। তিন ভাই, দুই বোনের মধ্যে রাসেল সবার ছোট। রাসেলের মৃত্যুর খবর শুনে তার বাড়িতে চলছে শোকের মাতম।
একই বিস্ফোরণের ঘটনায় নিহত বাংলাদেশি মেহেদী হাসান রনির (২৪) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামে। পরিবারে স্বচ্ছলতা ফেরাতে প্রায় ছয় বছর আগে একটি সুপার শপের কাজ নিয়ে লেবাননে গেলেও সেখানে সে অর্থনৈতিকভাবে সুবিধা করতে পারেননি। আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার-দেনা করে বিদেশ যান। এখনও সে ঋণ পরিশোধ করতে পারেননি। বাড়ির চার শতাংশ জায়গায় একটি টিনের ঘর ছাড়া পরিবারটির আর কিছুই নেই।