
নিউজ ডেস্কঃ ঢাকার কেরানীগঞ্জের ভাগনা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বুধবার (৫ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।নিহত দু’জন হলেন- বিলকিস বেগম (৬০) ও তার ছেলে স্বপন (৩৫)। মৃত স্বপনের ভগ্নিপতি মো. সোহেল জানান, স্বপন কেরানীগঞ্জ কদমতলী এলাকায় একটি ভাঙারির দোকানে কাজ করতেন ও পরিবার নিয়ে ভাগনা কয়েল ফ্যাক্টারি এলাকায় থাকতেন। তার বাবার নাম আশরাফ সরদার।তিনি আরও জানান, বন্যার পানিতে তাদের টিনশেড বাড়িতেও পানি উঠে যাওয়া দুপুরে মা ও ছেলে মিলে ফ্রিজ চকির ওপর উঠিয়ে রাখেন। সেই ফ্রিজের বিদ্যুতের তার থেকে টিনের বেড়ায় লেগে থাকায় পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। এতে স্বপন ও তার মা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, দু’জনের মরদেহ মর্গে রাখা হয়েছে। পাশাপাশি কেরানীগঞ্জ মডেল থানায় বিষয়টি জানানো হয়েছে।