
নিউজ ডেস্কঃ ভবিষ্যতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আরও বাড়তি উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।তিনি বলেছেন, জনগণের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তাদের সর্বোচ্চ সেবা দিতে হবে। জনগণকে উন্নতসেবা দেওয়ার মাধ্যমে দেশের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আমরা বাংলাদেশ পুলিশে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছি। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশের সব ইউনিট প্রধান ও কর্মকর্তাদের সঙ্গে ঈদ কেন্দ্রীক পুলিশি সেবার মান পর্যালোচনা ও মানোন্নয়ন বিয়ষক এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন বেনজীর আহমেদ। এসময় ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় পুলিশের সব ইউনিট প্রধান, কর্মকর্তা ও ফোর্সকে আন্তরিক ধন্যবাদ জানান আইজিপি।ভবিষ্যতে জনগণের ঈদযাত্রা কিভাবে আরও নির্বিঘ্ন করা যায় সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতুতে যানজট নিরসনের জন্য টোল আদায়ের টিকিট অগ্রিম বিক্রি করা যায় কিনা তা দেখার জন্য নির্দেশ দেন আইজিপি।