
নিউজ ডেস্কঃ যশোরের বাঘারপাড়া উপজেলায় নিখোঁজ হওয়ার ছয়দিন পর যাদদীন (১১) নামে একটি শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৪ আগস্ট) রাতে জেলা পৌরসভা সংলগ্ন দোহাকুলা এলাকার বিশ্বাসবাড়ী কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। যাদদীন ওই এলাকার মৃত ওলিয়ার বিশ্বাসের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।স্থানীয় দোহাকুলা মধ্যপল্লী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সেলিম রেজা বাংলানিউজকে জানান, গত ৩০ জুলাই বিকেল থেকে যাদদীনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরের দিন ৩১ জুলাই বিভিন্ন বাজারে মাইকিংসহ পরিবারের পক্ষ থেকে বাঘারপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ছয়দিন পর মঙ্গলবার রাতে বাড়ির পাশের কবরস্থানের ঝোঁপের ভেতর থেকে দুর্গন্ধ ভেসে আসতে শুরু করে। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে হারিয়ে যাওয়া শিশু যাদদীনের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন জানান, অভিযোগ না পাওয়া গেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।