News71.com
 Bangladesh
 02 Aug 20, 08:20 PM
 252           
 0
 02 Aug 20, 08:20 PM

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে আরও ২ জনের মৃত্যু॥

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে আরও ২ জনের মৃত্যু॥

 

নিউজ ডেস্কঃ জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যবসায়ীসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃত ব্যক্তিরা হলেন- তালা উপজেলার মাগুরা বারুইপুর গ্রামের হাতেম আলীর ছেলে ব্যবসায়ী আব্দুল মালেক (৫০) ও কালিগঞ্জ উপজেলার ভদ্রখালী ওবায়দুল্লাহপুর গ্রামের মাদার আলীর ছেলে নুরুল ইসলাম (৬৫) ।

 

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন ব্যবসায়ী আব্দুল মালেক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে, করোনার উপসর্গ নিয়ে গত ২০ জুলাই মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন নুরুল ইসলাম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে তিনিও মারা যান। ভর্তির পর তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।

 

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তাদের বাড়ি। এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৫০ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২২ জন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন