
নিউজ ডেস্কঃ প্রায় কোটি টাকার ১৯০ মেট্রিক টন সরকারি চাল আত্মসাতের অভিযোগে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদীয়ার উপজেলা খাদ্যনিয়ন্ত্রক পলাশ পাল চৌধুরীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার শহরের হোটেল শৈবালের সামনে থেকে তাকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করে কুতুবদীয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী জানান, বুধবার (২৯ জুলাই) চাল আত্মসাতের অভিযোগ এনে কক্সবাজার জেলা খাদ্যনিয়ন্ত্রক হাফিজ উদ্দিন ভুঁইয়া কুতুবদীয়া থানায় একটি অভিযোগ দেন। এ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর থানা পুলিশ তাকে আটক করেছে।দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন জানান, কক্সবাজার জেলা খাদ্যনিয়ন্ত্রক হাফিজ উদ্দিন ভুঁইয়ার করা অভিযোগটি কুতুবদীয়া থানা পুলিশ জিডি আকারে লিপিবদ্ধ করে এবং এটি দুদকে পাঠায়। দুদকের নির্দেশে ৫৪ ধারায় তাকে আটক করা হয়।